Image description

গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম।

রোববার ফজরের নামাজের পর বেশকিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন তিনি।

এদিন নিজ হাতে ঝাড়ু তুলে শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন এমপি। সকালের এ কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেন তারাও।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপি আব্দুল করিম বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ। 

নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে এমন বার্তাই দিতে চান তিনি।

তিনি আরও জানান, রমজানের পবিত্রতা সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং গাইবান্ধা শহরের ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

এদিকে নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণে ইতিবাচক প্রশংসা করেছেন শহরের বাসিন্দারা। তাদের মতে, একজন জনপ্রতিনিধি নিজে হাতে ঝাড়ু তুলে কাজে নেমে পড়ায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং শহরকে পরিষ্কার রাখার অনুপ্রেরণা তৈরি হয়েছে। তারা চান সমন্বিত উদ্যোগে হলেও এটি যেন অব্যহত থাকে।