মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের একটি কার্যালয় খোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সিরাজদিখানে ওই কার্যালয়ে পুনরায় তালা ঝুলিয়ে দিয়েছে এনসিপির নেতারা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিরাজদিখান উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজের নেতৃত্বে ৫-৬ জন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে কার্যালয়টিতে ফের তালা লাগিয়ে দেন।
জানা গেছে, এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের একটি কার্যালয় চালুর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ কয়েকজন কিশোর-তরুণকে নিয়ে কার্যালয়ের ভেতর শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দলীয় স্লোগান দিচ্ছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোববার বিকেলে এনসিপি নেতারা ওই স্থানে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন এবং ‘খুনি লীগ গেলি কই’ স্লোগান দিয়ে কার্যালয়ে পুনরায় তালা ঝুলিয়ে দেন। এসময় সিরাজদিখান থানা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ বলেন, “চোরের মতো এসে ২-৩ জন বাচ্চা নিয়ে আওয়ামী লীগের এক নেতা অফিসটি খুলে তা ভিডিও করে ভাইরাল করেছে। আমরা চাই না বিচার হওয়ার আগে আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে কোনো প্রত্যাবর্তন ঘটুক। আমরা এটি তালা লাগিয়ে দিয়েছি এবং চাবি প্রশাসনের কাছে হস্তান্তর করব।”
সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে, কার্যালয় খোলার খবর পেয়ে তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন। এটি একটি সাধারণ ঘটনা বলে প্রাথমিক মনে হলেও রাজনৈতিক উত্তেজনার আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত সাব্বির দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments