Image description

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ‘ফরিদপুর চিনি কল লিমিটেড’-এর অস্থায়ী শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। 

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা।

চিনি কল সূত্রে জানা যায়, কারখানাটিতে ৪ শতাধিক শ্রমিক অস্থায়ী ভিত্তিতে কর্মরত রয়েছেন। গত তিন মাস ধরে বেতন না পাওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। বকেয়া পাওনা আদায়ের লক্ষে রোববার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা চত্বরে অবস্থান নেন। এতে কারখানার উৎপাদনসহ সকল প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক ফরহাদ বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যান।

এ বিষয়ে ফরিদপুর সুগার মিলস শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ জানান, "শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে আলোচনা করেছি। তাদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা কাজ শুরু করেছেন।"

দীর্ঘ তিন মাস বেতন না পাওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। ৭২ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

মানবকণ্ঠ/ডিআর