বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘নিউ মাইশা স্পেশাল সেমাই’ নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নোংরা পরিবেশে পায়ে মাড়িয়ে সেমাই প্রস্তুতের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।
অভিযানকালে দেখা যায়, কারখানার ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা খালি পায়ে মাড়িয়ে সেমাই তৈরির ময়দার খামিরা বা ‘ডো’ প্রস্তুত করছেন। এছাড়া বিএসটিআইয়ের কোনো মানসনদ ও অনুমোদন ছাড়াই সেমাই উৎপাদন ও বাজারজাত করার জন্য মোড়কজাত করা হচ্ছিল।
নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় কারখানা কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এসময় জব্দকৃত অনিরাপদ খাদ্য ও উপকরণসমূহ জনসম্মুখে ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেলা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments