Image description

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন কুদাব পশ্চিম পাড়া কাজী মার্কেট এলাকায় একটি ভাড়া বাসা থেকে আকরাম হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

নিহত আকরাম হোসেন নড়াইল জেলার বড় কালিয়া থানার বড় কালিয়া এলাকার আবু হানিফ ও মারুফা দম্পতির ছেলে। তিনি পূবাইল থানার কুদাব পশ্চিম পাড়া কাজী মার্কেট এলাকায় জনৈক সুমনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে নিজ ভাড়া বাসার ভেতর আকরামের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"

পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর