Image description

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক দুর্ধর্ষ মানবপাচারকারীসহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর থানার পরিদর্শক খোকন চন্দ্র সরকার তাঁর সঙ্গী ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে পৌরসভার কামালিয়া কান্দা গ্রামের সায়েদ উদ্দিনের ছেলে কুখ্যাত মানবপাচারকারী মো. আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। আনোয়ার দীর্ঘদিন ধরে ভালো কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষকে প্রলুব্ধ করে বিদেশে পাচার করে আসছিলেন।

একই অভিযানে চরাবন গ্রামের জুয়েল মিয়ার ছেলে এবং আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি আরিশ ওরফে আকাশকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকার নজরুলের ছেলে রিপন মিয়া (২৪) এবং কিশোরগঞ্জ সদরের ফজলুল হকের ছেলে মো. সুমন মিয়া (৪১)। গ্রেপ্তারকৃত অপর একজনের নাম যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। মানবপাচার ও মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।"

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মানবকণ্ঠ/ডিআর