কক্সবাজারের চকরিয়ায় ইয়াংছা-মানিকপুর সড়কের কাকারা তামাক গুদাম সংলগ্ন একটি তামাক ক্ষেত থেকে মুজিবুর রহমান (৪৬) নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান ওই এলাকার ফকির মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় একদল ডাকাত ওই সড়কে খোরশেদ (৩৮) ও মোজাম্মেল (৪৫) নামে দুই তামাক শ্রমিককে পথরোধ করে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে মারধর করে। একই সময়ে মুজিবুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহতের পরিবারের অভিযোগ, তাদের প্রতিবেশী আরিফ ইফতারের পূর্ব মুহূর্তে মুজিবুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত ১১টার দিকে তামাক ক্ষেতে নিহতের মরদেহ শনাক্ত হওয়ার পর আরিফ দাবি করেন যে, ডাকাত দলের আক্রমণে মুজিবুর রহমান মারা গেছেন। তবে পরিবারের সদস্যদের দাবি, আরিফের সঙ্গে মাংস ব্যবসায়ী মুজিবের দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। তারা এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন এবং এর জন্য আরিফকে সরাসরি সন্দেহ করছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, "প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক ডাকাতি হিসেবে প্রচার করা হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিন্ন তথ্য পেয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।"
পুলিশ আরও জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments