ময়মনসিংহ নগরীর শিববাড়ি রোড এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্ররা কার্যালয়টির আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই এই কার্যালয়টি তালাবদ্ধ ছিল। তবে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যালয়টি পুনরায় খোলার গুঞ্জন ওঠে এবং গোপনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালানো হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ নেতা কাজী আজাদ জাহান শামীমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন। ওই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন সক্রিয় কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আজ এই ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা শহীদ সাগরসহ হাজার হাজার ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত, যাদের বিচার প্রক্রিয়া চলমান। শহীদদের রক্তের ওপর দিয়ে কোনোভাবেই এই নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এই কার্যালয় ভেঙে প্রয়োজনে পাবলিক টয়লেট করা হবে।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সামনে আগুন দিয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments