Image description

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের টাঙানো একটি ব্যানারকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের ছবি বাদ দিয়ে সেখানে 'জুলাই গণ-অভ্যুত্থানের' শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। বিষয়টিকে 'ইতিহাস বিকৃতি' ও 'চেতনার অবমূল্যায়ন' হিসেবে আখ্যা দিয়েছেন সচেতন মহল।

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস পালন করা হয়। তবে অনুষ্ঠানের মূল ব্যানারে সালাম, বরকত, রফিক, জব্বারসহ ভাষা শহীদদের কোনো ছবি ছিল না। তার পরিবর্তে সেখানে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের ছবি সংযোজন করা হয়। 

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই জেলা প্রশাসক (ডিসি) শাহাদাত হোসেন মাসুদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মতে, একুশ মানেই ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি; সেখানে ভিন্ন প্রেক্ষাপটের ছবি ব্যবহার জাতীয় আবেগের সঙ্গে সাংঘর্ষিক।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ সংবাদকর্মীদের জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুলাই বিপ্লব ও একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরতে সংশ্লিষ্ট ছবি ব্যবহার করা হয়েছে। তবে ভাষা শহীদদের ছবি কেন দেওয়া হলো না—এমন প্রশ্নের কোনো সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি। উল্লেখ্য, দেশের অন্য কোনো জেলায় এ ধরনের ব্যানার দেখা যায়নি।

জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠেছে। বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনে অপারগতা, গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখা এবং সেবাপ্রত্যাশী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ২৮তম বিসিএস ইকোনমিক ক্যাডারের এই কর্মকর্তার জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়ার মতো প্রয়োজনীয় মাঠ প্রশাসনের অভিজ্ঞতা নেই বলেও গুঞ্জন রয়েছে। এসব বিষয়ে আগে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে ঐতিহাসিক প্রেক্ষাপট ও সঠিক তথ্য উপস্থাপন না করায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

মানবকণ্ঠ/ডিআর