ধানের শীষে ভোট দিয়ে তালাকপ্রাপ্ত নারীর পাশে ফেনী-১ এর এমপি মজনু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রতীকে ভোট দেওয়ায় স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হওয়া রুনা আক্তারের পাশে দাঁড়িয়েছেন ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীর কুল গ্রামে ওই নারীর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রুনা আক্তারকে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিতে নির্দেশ দিয়েছিলেন তার স্বামী নূর মোহাম্মদ সুমন। তবে রুনা আক্তার তার ব্যক্তিগত পছন্দে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেন। এর জেরে গত ১৫ ফেব্রুয়ারি আদালত থেকে এফিডেভিটের মাধ্যমে রুনা আক্তারকে তালাকনামা পাঠান তার স্বামী সুমন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
সোমবার বিকেলে রুনা আক্তার মুন্নী ও তার দুই সন্তানের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন রফিকুল আলম মজনু। এসময় তিনি বলেন, “ভোট দেওয়া একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। পছন্দের প্রতীকে ভোট দেওয়ার কারণে দুই সন্তানের মাকে তালাক দেওয়া চরম অসভ্যতা ও মানবাধিকার লঙ্ঘন। আধুনিক যুগে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এমপি মজনু আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এখানে এসেছি। রুনা আক্তার ও তার সন্তানদের পাশে আমরা রয়েছি। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে সহযোগিতা করব এবং এই পরিবারের যাবতীয় ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করছি।” পরিদর্শন শেষে তিনি ভুক্তভোগী নারীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহীম খলিল মনিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
মানবকণ্ঠ/ডিআর




Comments