Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাগানের ১৮ নম্বর সেকশনে বাগান ব্যবস্থাপক (ম্যানেজার) দেওয়ান বাহাউদ্দিন লিটনের ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাগান এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাগানের একটি জলাশয় থেকে অবৈধভাবে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। বাগান ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটন জানান, দুই দিন আগে কোম্পানির মালিকানাধীন জলাশয় থেকে মাছ ধরতে বাধা দেওয়ায় একটি পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়। সোমবার দুপুরে তিনি ১৮ নম্বর সেকশনে কাজ পরিদর্শনে গেলে ৫০-৬০ জনের একদল যুবক সেখানে উপস্থিত হয়ে নারী শ্রমিকদের কাজে বাধা দেয় এবং তাঁর গাড়িটি ঘিরে ধরে ব্যাপক ভাঙচুর চালায়। এতে গাড়ির কাঁচ ও বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, ভিন্ন অভিযোগ তুলেছেন বাগানের সাবেক শ্রমিক নেতা স্বরজিত ফাশি। তাঁর দাবি, সম্প্রতি একটি ধর্মীয় উৎসবের বিষয়ে আলোচনা করতে গেলে ম্যানেজার তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অপমান করেন। এই খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে সোমবার সকালে ম্যানেজারের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন একদল শ্রমিক।

তবে আরেক শ্রমিক নেতা হেমন্ত পান গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “যারা বাগানে অশান্তি সৃষ্টি করে ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। বাগানের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মুর্শেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। গাড়ি ভাঙচুরের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

মানবকণ্ঠ/ডিআর