সিলেটে সড়ক দুর্ঘটনায় মো. মাহবুবুল ইসলাম (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ঝামারবালী গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট শহর সংলগ্ন সুরমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে মাহবুবুল ইসলাম ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহবুবুল গত কয়েক বছর ধরে সিলেটে অবস্থান করে ট্রাক চালিয়ে আসছিলেন।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহবুবুলের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর সোমবার রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments