Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বাধা প্রদানের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও টুঙ্গিপাড়া সরকারি কলেজের সাবেক ভিপি মুকুল মুন্সী (৫০)। এর আগে সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা বা রায়ের প্রতিক্রিয়ায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রসহ সড়কে আগুন জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয় এবং যান চলাচল বিঘ্নিত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর এসআই মনির হোসেন বাদী হয়ে ৪৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছিল।

মানবকণ্ঠ/ডিআর