ডিমলায় অবৈধ পাথর উত্তোলনের সংবাদ সংগ্রহকালে ২ সাংবাদিকের ওপর হামলা
নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাদশা প্রামাণিক এবং বাংলাদেশ প্রেস ক্লাবের (ডিমলা শাখা) সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে তিস্তা নদী থেকে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ‘বোমা মেশিন’ ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। এই অনিয়মের অনুসন্ধানে গিয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহ করে ফেরার পথে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় ছাত্রলীগ নেতা তুহিন ও যুবলীগ নেতা আব্দুল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতি রোধ করে।
এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের কাছে থাকা মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিমলা উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে হামলাকারী তুহিন ও আব্দুল করিমসহ দোষীদের গ্রেপ্তার এবং অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার ওপর বড় আঘাত। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments