Image description

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে দুটি শক্তিশালী আইইডি বোমা, ১১টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।

পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর খানপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় কালো কসটেপে মোড়ানো ও ব্যাটারি সংযুক্ত দুটি আইইডি (বোমা) এবং লাল কসটেপে মোড়ানো ১১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি লোহার চাপাতি, ৩১ ইঞ্চি লম্বা একটি ছুরি, ৫ ফুট লম্বা একটি সাইকেলের চেইন এবং প্রায় ৬ ফুট লম্বা একটি মোটরসাইকেলের চেইন।

উদ্ধারকৃত বিস্ফোরকগুলো পরিবহনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশের একটি ফাঁকা স্থানে বিস্ফোরকগুলো সফলভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জননিরাপত্তা রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে জনবসতিপূর্ণ এলাকায় এসব নাশকতামূলক সরঞ্জাম মজুদ করেছিল, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর