মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া আদায় বন্ধে বিভিন্ন বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ও সূর্যনগর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের সূর্যনগর ও পাঁচ্চরসহ এক্সপ্রেসওয়ের একাধিক বাসস্ট্যান্ডে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে যাত্রীপ্রতি ২০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। এই চাঁদাবাজির কারণে পরিবহনগুলো সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায় করত। বিশেষ করে ঈদ মৌসুমে এই ভাড়া কয়েক গুণ বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাত।
মঙ্গলবার সকালে সংসদ সদস্য হানজালা হঠাৎ করে বাসস্ট্যান্ডগুলোতে উপস্থিত হলে সাধারণ যাত্রীরা বাড়তি ভাড়া ও হয়রানির বিষয়ে তার কাছে অভিযোগ করেন। এসময় তিনি বাসের চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে সব ধরনের চাঁদাবাজি বন্ধের কঠোর হুঁশিয়ারি দেন। তার উপস্থিতিতেই যাত্রীপ্রতি চাঁদা আদায়ের বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল সংসদ সদস্যের সঙ্গে ছিলেন।
এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, "এই রুটে যাত্রীদের কাছ থেকে মাসের পর মাস হয়রানির শিকার হওয়ার অভিযোগ ছিল। একটি চক্র যাত্রীপ্রতি পরিবহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করত, যা আজ থেকে পুরোপুরি বন্ধ করা হয়েছে। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে বসে দ্রুততম সময়ের মধ্যে ঢাকার বিভিন্ন গন্তব্যের ভাড়ার একটি সঠিক তালিকা তৈরি করে প্রতিটি স্টপেজে টাঙিয়ে দেবো। এতে যাত্রীরা আর প্রতারিত হবে না।"
তিনি আরও জানান, আসন্ন ঈদে ঘরমুখো মানুষ যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেজন্য প্রশাসন ও তার দল সজাগ থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments