Image description

ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, “এলাকার উন্নয়নের স্বার্থে কোনো অনিয়ম আমি মেনে নেব না। অপরাধী আমার দলের লোক হলেও তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি আগেও অনিয়মের বিরুদ্ধে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা।

উপস্থিত সরকারি কর্মকর্তাদের আশ্বস্ত করে সংসদ সদস্য মজনু বলেন, “উপজেলায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর মান-সম্মান যদি কোনো রাজনৈতিক নেতার কারণে ক্ষুণ্ণ হয়, তবে সাথে সাথে আমাকে জানাবেন। প্রয়োজনে সরাসরি আমাকে ফোন দেবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা প্রশাসনের সকল কর্মকর্তাদের সাথে নিয়েই উপজেলার উন্নয়নমূলক কাজগুলো করতে চাই।”

অবহেলিত জনপদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “গত ১৫ বছর ফেনী-১ আসনে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। অনেক রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে আমি কোনো দল দেখব না। যেহেতু এই আসনটি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আসন, সেহেতু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন বলে আমার বিশ্বাস।”

বল্লামুখা বেড়িবাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, “আপনারা আজ থেকে নোট করেন কোথায় কী কী উন্নয়ন কাজ প্রয়োজন। রমজানের পর আমরা পুনরায় বসে কাজের পরিকল্পনা চূড়ান্ত করব।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আক্তার নূর, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মণি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ ও সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মানবকণ্ঠ/ডিআর