Image description

রাঙ্গুনিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী চাঁদাবাজ ও বিশৃঙ্খলাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমি অত কাঁচা খেলোয়াড় নই। সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। আপনারা ১৯ থেকে ২০ হলে প্রশাসন হাতে চুড়ি পরে বসে নেই। তাদের হাতে লাঠি ও অস্ত্র আছে, আপনাদের ধরার ব্যবস্থা তারাই করবে।”

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রানীরহাট স্কুল মাঠে আয়োজিত গণ-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, “আগে আপনাদের কাছে এসে শুধু অনুরোধ করতে পারতাম, এখন আর অনুরোধ নয়— চাঁদাবাজদের ধরার জন্য সরাসরি নির্দেশ থাকবে। অনেকে হয়তো বলবেন এত কঠোর হওয়া ঠিক নয়। কিন্তু এখন শক্ত না হলে আপনারা আমাদের পচিয়ে ফেলবেন, সেই সুযোগ আমি কাউকে দেব না।”

বিগত সরকারের আমলে নির্যাতিতদের আশ্বস্ত করে তিনি বলেন, “যারা এতদিন আপনাদের কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, তাদের বিচার করা হবে। এই মিথ্যা মামলার ব্যবসা আর চলতে দেওয়া হবে না। অপরাধীদের এখন কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। রাঙ্গুনিয়ায় আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।”

নেতাকর্মী ও দুষ্কৃতকারীদের সতর্ক করে তিনি আরও বলেন, “আমার আব্বা বলতেন ‘সিরাতুল মুস্তাকিম’ অর্থাৎ সহীহ পথে চলা। আমি সেই পথে চলার সাহস রাখি। কেউ যদি মনে করেন হাতে সময় কম, যা করার এখনই করে ফেলতে হবে— তবে ক্ষমা করবেন, আমি আপনাদের সব কর্মকাণ্ডের খবর রাখছি। যারা দুষ্কৃতকারী রমজানে শান্ত হয়ে আছেন এবং ঈদের পর সুযোগ নিতে চাচ্ছেন, তাদের মনে রাখা উচিত— রাঙ্গুনিয়ার সাধারণ মানুষই আপনাদের বিচার করার ক্ষমতা রাখে।”

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “রাস্তা, ব্রিজ ও কালভার্ট করার যে ওয়াদা আমরা করেছি, তা আগের মতো হবে না; আমরা কাজ করে দেখাব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার পাশে থেকে আমাকে সাহস দেবেন।”

রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম.এন নুরুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী ও উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী প্রমুখ।

মানবকণ্ঠ/ডিআর