Image description

কুষ্টিয়া শহরের একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শাহ জামাল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর নাসির ডাক্তার গলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত শাহ জামাল কুড়িগ্রাম জেলার উলিপুর থানার চরসিতাইঝার এলাকার আব্দুর সাত্তারের ছেলে। পেশায় তিনি একজন ঠিকাদার ছিলেন এবং কাজের প্রয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে সাদ্দাম বাজার থেকে উদিবাড়ির দিকে যাচ্ছিলেন শাহ জামাল ও তার সঙ্গী। পথে নাসির ডাক্তার গলি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনটি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অবিলম্বে সেখানে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন।

পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর