রাজবাড়ীতে ২৬ রমজান পর্যন্ত সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে নিম্নআয়ের মানুষের সুবিধার্থে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির ভ্রাম্যমাণ বিপণন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই ভ্রাম্যমাণ বিপণন কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। শুক্রবার ও শনিবার ব্যতীত সপ্তাহের বাকি পাঁচদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্দিষ্ট পয়েন্টে এসব পণ্য বিক্রি করা হবে।
জনসাধারণের সুবিধার্থে পণ্যের দাম ও বিক্রয় সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর আওতায় প্রতিদিন ১০০ কেজি গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি করা হবে (জনপ্রতি সর্বোচ্চ ১ কেজি)। এছাড়া প্রতি হালি ডিম ৩০ টাকা (জনপ্রতি সর্বোচ্চ ২ হালি) এবং প্রতি লিটার দুধ ৭০ টাকা (জনপ্রতি সর্বোচ্চ ১ লিটার) দরে কিনতে পারবেন সাধারণ মানুষ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘রমজান মাসে সাধারণ মানুষের জন্য ন্যায্য মূল্যে আমিষের বা প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করতে আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি। স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে স্বল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারেন।’
মানবকণ্ঠ/ডিআর




Comments