ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে একটি শুকনো বিল থেকে ১৯৬ কেজি (প্রায় ৫ মণ) গাঁজার একটি বড় চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩০ থেকে ৪০ জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকায় নিয়মিত টহল ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাহাড়পুর ইউনিয়নের ভুটাংমারী এলাকার একটি শুকনো বিলে মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে।
রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান শুরু করলে বিলের মধ্যে অবস্থানরত ৩০ থেকে ৪০ জন ব্যক্তি দ্রুত অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৯৮টি বান্ডিলে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেটজাত অবস্থায় মোট ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদকের চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments