চট্টগ্রামের সাগরিকা এলাকায় পূর্ব বিরোধ ও চাঁদাবাজির প্রতিবাদের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাশ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিটাক বাজার মোড় এলাকার একটি কারখানার সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস আগে একদল যুবক কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিল। আকাশ দাশ সেই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, যার ফলে ওই চক্রটি চাঁদা আদায় করতে ব্যর্থ হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আকাশের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
নিহতের ভাই সাগর দাশ জানান, রাত ৮টার দিকে বাসা থেকে ভাত খেয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ। কারখানার সামনে পৌঁছালে তিনি দেখতে পান তাঁর সহকর্মী মাইকেলের সাথে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন ও নাজমুলসহ কয়েকজন বাগবিতণ্ডায় লিপ্ত। একপর্যায়ে তারা মাইকেলকে মারধর শুরু করলে আকাশ এগিয়ে যান এবং তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশের মাথায় হেলমেট দিয়ে সজোরে আঘাত করে। পরে ধারালো ছুরি দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় পরিবার ও সহকর্মীরা আকাশকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের পর আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments