চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক সনাতন ধর্মাবলম্বী পরিবারের বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে ‘কিশোর গ্যাং’য়ের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় এই ঘটনা ঘটে। হামলায় বরের বাবা ও ভাইসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- বাবুলাল বিশ্বাস (৬০), তাঁর ছেলে ত্রিনাথ বিশ্বাস (৩২) ও আত্মীয় বৃজন রানী (৪৫)। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে শম্ভু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার নবীর হোসেনের ছেলে মহনের (২৫) নেতৃত্বে আরমান (১৮), আবির হোসেন (১৬) ও জিসানসহ (১৮) একদল যুবক অনুষ্ঠানে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। আয়োজক পক্ষ দীর্ঘ আলোচনার পর ৩০ হাজার টাকা দিতে রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। একপর্যায়ে আয়োজকরা তিন হাজার টাকা দিলেও কিশোর গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। তারা বিয়ের প্যান্ডেলে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং বরের বাবা ও ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে।
আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করেন, “আমরা প্রবাসে থাকি, ভাইয়ের বিয়ে উপলক্ষে দেশে এসেছি। রাতে অনুষ্ঠান চলাকালে তারা অতর্কিত হামলা চালায়। আমার ও আমার ছোট ভাইয়ের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে তারা। হামলায় আমার মাথা ফেটে গেছে। আমরা এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, “খবর পেয়ে আমি পুলিশকে জানাই এবং ঘটনাস্থলে যাই। বিয়েবাড়িতে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি আরও বলেন, “চাঁদাবাজি বা সহিংসতার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments