Image description

সিলেটের ওসমানীনগরে এক যুক্তরাজ্য প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। তবে ঘটনার দায় স্বীকার করেছেন ওই প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রবাসীর পক্ষ থেকে গরুর মালিককে ন্যায্যমূল্য পরিশোধ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি কর্মী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে। এম আহমদ গত জানুয়ারি মাসে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে এসেছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি (৬ রমজান) তিনি নিজ বাড়িতে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেন। পরে জানা যায়, ওই মাহফিলে জবাই করা গরুটি ছিল প্রতিবেশী নাজমুল ইসলামের চুরি যাওয়া গরু।

স্থানীয় সূত্রে জানা গেছে, এম আহমদ দেশে আসার আগেই ইফতার মাহফিলের জন্য গরু কিনতে তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক সাইদের কাছে টাকা পাঠিয়েছিলেন। কিন্তু তত্ত্বাবধায়ক সাইদ সেই টাকা খরচ করে ফেলেন অথবা গরু কেনেননি। ইফতারের আগের দিন মাহফিলের মাংস প্রস্তুত করতে সাইদ কৌশলে মাঠ থেকে প্রতিবেশীর একটি গরু চুরি করে এনে জবাই করেন। ইফতার মাহফিলে গরুর মালিকসহ গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ অংশ নিলেও তখন কেউ বিষয়টি টের পাননি।

পরবর্তীতে গ্রাম থেকে গরু চুরির বিষয়টি জানাজানি হলে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে প্রবাসীর বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, তত্ত্বাবধায়ক সাইদ গরুটিকে লুকিয়ে এনে জবাই করছেন। গ্রামের সালিসি বৈঠকে সাইদ নিজের অপরাধ স্বীকার করেন।

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী জানান, এম আহমদ নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় গরুর বিষয়টি খেয়াল করতে পারেননি। তত্ত্বাবধায়ক যে চুরি করা গরু জবাই করেছে, তা প্রবাসীর জানা ছিল না। বিষয়টি জানার পরপরই তিনি গরুর মালিক নাজমুল ইসলামকে ডেকে গরুর ন্যায্য মূল্য পরিশোধ করেছেন এবং অভিযুক্ত তত্ত্বাবধায়ককে কাজ থেকে বরখাস্ত করেছেন।

গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, "তত্ত্বাবধায়ক সাইদ মাঠ থেকে আমার গরু চুরি করেছিল। এতে প্রবাসী এম আহমদের কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বিষয়টি জানার পর আমাকে গরুর দাম দিয়ে দিয়েছেন। তাঁর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তবে আমি তত্ত্বাবধায়কের এমন কর্মকাণ্ডে লজ্জিত।"

উল্লেখ্য, ঘটনার মীমাংসা শেষে এম আহমদ গত শুক্রবার পুনরায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।

মানবকণ্ঠ/ডিআর