Image description

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে পাচারের সময় ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন রোববার (১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে সীমান্ত দিয়ে বড় একটি মাদকের চালান আসার খবর পায় বিজিবি। তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২৩ বোতল ফেন্সিডিল, ১০০ বোতল এসকফ (Escof) সিরাপ, ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩ হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদক চালানের আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এমন বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর