সৈয়দপুরে ঈদ উপলক্ষে ভেজাল সেমাই তৈরির মহোৎসব, ৩ কারখানাকে জরিমানা
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ভেজাল ও মানহীন সেমাই বাজারজাত করার প্রস্তুতির সময় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে র্যাব-১৩ ও আনসার সদস্যদের সহায়তায় পরিচালিত এই যৌথ অভিযানে তিনটি সেমাই কারখানাকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, ঈদে সেমাইয়ের বাড়তি চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের কাঁচামাল দিয়ে সেমাই তৈরি করছিল। কারখানাগুলোতে অনুমোদনহীন ক্ষতিকর রং, কৃত্রিম ফ্লেভার এবং খাদ্যপণ্যে ব্যবহারের অনুপযোগী লবণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মোড়কের তথ্যের সাথে পণ্যের উপাদানের মিল না থাকা এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম চলায় এসব জরিমানা করা হয়।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—রশনি সেমাই কারখানা (৩০ হাজার টাকা), তাজ ফুড প্রোডাক্টস (৬০ হাজার টাকা) এবং নাজ ফুড প্রোডাক্টস (৪০ হাজার টাকা)।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, "ঈদের আগে কোনো অসাধু ব্যবসায়ী যেন ভেজাল বা মানহীন পণ্য বাজারজাত করতে না পারে, সে জন্য আমরা কঠোর অবস্থানে আছি। জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য উৎপাদনের কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদের পণ্য কেনার আগে উৎপাদনের তারিখ ও মান যাচাই করার আহ্বান জানানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments