বিয়ের অভিনয়ে প্রবাসীর ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুই সন্তানের জননীর বিরুদ্ধে
পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের অভিনয় করে এক সৌদি প্রবাসীর নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দুই সন্তানের জননী হাসিবা আক্তার (৩০) নামে এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসী ইউসুফ আলী (৪৮) নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত হাসিবা ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের রুহুল আমিন খানের মেয়ে।
ভুক্তভোগী ইউসুফ আলীর অভিযোগ, সৌদি আরবে থাকা অবস্থায় হাসিবার সঙ্গে তাঁর মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৭-৮ বছরের সম্পর্কের সূত্র ধরে ২০২৪ সালের ২৬ মে ভিডিও কলের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। পরবর্তী সময়ে ইউসুফ দেশে ফিরলে গত ১৭ সেপ্টেম্বর বালিপাড়া এলাকায় হাসিবার দুলাভাই মাসুম বয়াতির বাসায় পুনরায় ৫ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বিয়ের সময় ইউসুফ হাসিবাকে উপহার হিসেবে ৭ ভরি স্বর্ণালংকার প্রদান করেন।
অনুসন্ধানে জানা গেছে, হাসিবা আক্তার আগে থেকেই বিবাহিত ছিলেন এবং তাঁর ঘরে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে তিনি গত ৭ সেপ্টেম্বর তাঁর প্রথম স্বামী রুহুল আমিন ফরাজিকে তালাক দেন। এরপর ইউসুফ আলীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। তবে বিয়ের মাত্র এক মাস পরই ২২ অক্টোবর ইউসুফকে তালাক দিয়ে পুনরায় প্রথম স্বামী রুহুলের সংসারে ফিরে যান হাসিবা।
এ বিষয়ে হাসিবার দুলাভাই মাসুম বয়াতি বিয়ের সাক্ষীর বিষয়টি স্বীকার করে বলেন, “হাসিবার কথা অনুযায়ী কাজীর মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছিল এবং আমি তাতে সাক্ষী ছিলাম।” তবে হাসিবার ভাই আমিনুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন। হাসিবার বর্তমান (পূর্বের) স্বামী রুহুল আমিন দাবি করেন, হাসিবার পরিবারের সদস্যরা টাকার লোভে পড়ে এই কাণ্ড ঘটিয়েছে।
অভিযুক্ত হাসিবা আক্তার অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, “বিয়ে করলে কি ডিভোর্স দেওয়া যাবে না? ইউসুফ আমার ছবি ছড়িয়ে দেওয়ায় আমি তাঁর বিরুদ্ধে মামলা করেছি। যা বলার আদালতেই বলবো।”
ভুক্তভোগী ইউসুফ আলী জানান, “বিয়ের কিছুদিন পর হাসিবা আমার কাছে নগদ ১০ লাখ টাকা দাবি করে। আমি সময় চাইলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন বুঝতে পারি আমি ‘হানিট্রাপ’-এর ফাঁদে পড়েছি। সে আমার প্রায় ২২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।”
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রবাসী ইউসুফ আলী হাসিবাকে পুনরায় সংসারে ফিরে পেতে ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments