Image description

ময়মনসিংহের তারাকান্দায় খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর সংবর্ধনা ও ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াঘাই বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১১ দলীয় জোটের উদ্যোগে হরিয়াঘাই বাজারে ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর (রিকশা প্রতীক) আগমনে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রণপ আহমেদ আজিজুলের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সভাস্থলের মঞ্চ, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ সময় এমপির এক কর্মীকে মারধর করে তার ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব রণপ আহমেদ আজিজুল বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আয়োজনের সাথে যুক্ত ছিল। এ খবর শুনে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। একটি কুচক্রী মহল আমাকে ফাঁসানোর চেষ্টা করছে; এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সভাস্থলে চেয়ার-টেবিল ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর