Image description

লক্ষ্মীপুরের রায়পুরে দুই অটোরিকশা চালকের বিরোধ মীমাংসা করতে গিয়ে এক চালকের কিল-ঘুষিতে বিল্লাল হোসেন মিশরী (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর পৌর শহরের মেইন রোডে সাবরেজিস্ট্রি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত চালকের নাম আরমান (৩৫), তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়াতির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পৌর শহরের প্রধান সড়কে অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে চালক আরমানের সঙ্গে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে ও বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বিল্লাল হোসেন মিশরী। এতে ক্ষিপ্ত হয়ে আরমান তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে বিল্লালের বুকে ও মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও দলীয় নেতাকর্মীরা অভিযুক্ত আরমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্ত আরমানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

মানবকণ্ঠ/ডিআর