Image description

ঝিনাইদহ শহরের একটি ফিলিং স্টেশনে কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন (২৫) নামে এক যুবক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে নিহতের বাবা আলিমুর বিশ্বাস বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় এই মামলা করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার বারইখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে (পাম্প কর্মচারী), আড়ুয়াকান্দি গ্রামের রবিজুল ইসলাম এবং কাস্টসাগরা গ্রামের দাউদ হোসেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতেই মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আটক তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান কালিগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের যুবক নিরব। পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর নিরব দেখতে পান অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ জানালে পাম্পের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নিরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন এবং তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা প্রতিবাদে আরাপপুর এলাকায় একটি ফিলিং স্টেশন ভাঙচুর করেন এবং রাতে বাস টার্মিনাল এলাকায় তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রোববার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে প্রশাসনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

মানবকণ্ঠ/ডিআর