Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয়দের গণপিটুনিতে এক অজ্ঞাতপরিচয় যুবক (৩০) নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ভোর ৬টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন যুবক ওই পথ দিয়ে যাওয়ার সময় এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা চালায়। পথচারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। ধাওয়ার মুখে মোটরসাইকেল থেকে একজন পড়ে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে, তবে তার সঙ্গে থাকা অপর দুই সহযোগী দ্রুত পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটককৃত যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহতের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া বাকি দুই ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর