Image description

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) অপারেশন থিয়েটারে (ওটি) এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগে অভিযুক্ত কর্মচারী জি এম নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ থেকে এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই কর্মচারী বরখাস্ত থাকবেন।

ঘটনাটি তদন্তে গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ডা. মো. মাজাহারুল রেজওয়ানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন—সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন এবং মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদ।

উল্লেখ্য, সম্প্রতি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতর এক শিশুকে থাপ্পড় দেওয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী শিশু ও তার অভিভাবকরা অভিযোগ করেন, ওটি’র ভেতরে হাসপাতাল কর্মী নাজমুল হাসান শিশুটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। বিষয়টি নজরে আসার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।

মানবকণ্ঠ/ডিআর