ঝিনাইদহ শহরে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্প ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাতজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের মারধরে নিরব নামে এক যুবক নিহত হন। নিহত নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার একজন সদস্য ছিলেন। এই হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীরা ওই রাতে কয়েকটি বাসে আগুন দেয় এবং সংশ্লিষ্ট তেল পাম্পে ব্যাপক ভাঙচুর চালায়।
এসব সহিংস ঘটনার প্রেক্ষিতে ঝিনাইদহ সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্দোলনটির সাতজন নেতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. সাইদুর রহমান (আহ্বায়ক, ঝিনাইদহ জেলা শাখা)
২. আশিকুর রহমান জীবন (সদস্য সচিব)
৩. তাশদীদ হাসান (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)
৪. এজাজ হোসেন অন্তর (যুগ্ম আহ্বায়ক)
৫. আবু হাসনাত তানাঈম (আহ্বায়ক, ‘দ্য রেড জুলাই’)
৬. হুমায়ন কবির (সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় যুব শক্তি সদস্য)
৭. রাসেল হুসাইন।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি সাব্বির আহমেদ জানান, বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া সুনির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার পর পরিস্থিতির অবনতি রোধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments