Image description

বান্দরবানে কিশোর গ্যাং কালচার নির্মূল এবং উঠতি বয়সীদের অপরাধ থেকে দূরে রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। এখন থেকে রাত ১০টার পর কোনো কিশোরকে অপ্রয়োজনে রাস্তায় পাওয়া গেলে তাকে সরাসরি আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে বলে ঘোষণা দিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রহমান।

রোববার (৮ মার্চ) রাতে বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় পুলিশের বিশেষ সচেতনতামূলক কার্যক্রম চলাকালে তিনি এই কঠোর বার্তা দেন।

পুলিশ সুপার বলেন, "অনেক কিশোর পরিস্থিতির গুরুত্ব না বুঝে পড়াশোনা ছেড়ে রাস্তায় আড্ডা দিচ্ছে। এখন তাদের নিজেদের গড়ার সময়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আর 'অটোপাস'-এর সুযোগ নেই, তাই পড়াশোনায় মন দিতে হবে।" তিনি আরও জানান, পবিত্র রমজান উপলক্ষে তারাবি নামাজ শেষে কিশোরদের বাড়ি ফেরার জন্য বাড়তি ৩০ মিনিট সময় দেওয়া হবে। তবে রাত ১০টার পর কেউ রাস্তায় থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে এসপি বলেন, "সন্তানের দায়িত্ব নিজে নিন। তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—সেদিকে নজর রাখুন। রাত ১০টার মধ্যে সন্তান ঘরে না ফিরলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করুন।"

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে কিশোর ও তাদের পরিবারকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে এরপরও যদি কেউ তথাকথিত 'কিশোর গ্যাং' গড়ে তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/আরআই