Image description

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা পড়ুয়া কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভিরচর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— মৌলভিরচর এলাকার জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের মেয়ে ইশপা মুনি (১১)। তারা স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাইমুনা ও ইশপাসহ ৪-৫ বান্ধবী মিলে মাতামুহুরি নদীর ঘাটে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মাইমুনা ও ইশপা হঠাৎ নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তাদের অন্য বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। কিছুক্ষণ পর তাদের দেহ পানিতে ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকেই মৃত ঘোষণা করেন। এ সময় সাথে থাকা আরও দুই কিশোরী আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে প্রভাবশালী চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তলদেশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাড় ঘেঁষে হঠাৎ গভীর হয়ে যাওয়া এসব মরণফাঁদে পড়েই দুই কিশোরীর প্রাণহানি ঘটেছে। স্থানীয়রা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর