তারাবির নামাজের সময় মাদ্রাসায় আগুন, রক্ষা পেলো শতাধিক ছাত্র
কুমিল্লার লাকসামে একটি দ্বীনিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজে থাকায় এক নিশ্চিত প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে শতাধিক ছাত্র।
সোমবার (৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পৌরসভার মিশ্রী এলাকায় অবস্থিত ‘ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদ্রাসা’য় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মাদ্রাসার প্রায় ১২৫ ফুট লম্বা টিনশেড ঘরটিতে শিক্ষার্থীদের আবাসন ও পড়াশোনার ব্যবস্থা ছিল। ঘটনার সময় ছাত্র ও শিক্ষকরা পাশের মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। নামাজ চলাকালীন হঠাৎ রান্নাঘরের পাশের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো ঘরের সিলিংয়ে ছড়িয়ে পড়ে।
মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ উল্লাহ বলেন, "বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন। অগ্নিকাণ্ডের সময় আমরা সবাই মসজিদে নামাজে ছিলাম, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. জাহিদুল মাওলা চৌধুরী হেলাল জানান, ১২৪ ফুট লম্বা নতুন এই টিনশেড ঘরটিতে ৪৩ জন আবাসিক ছাত্র থাকত। অগ্নিকাণ্ডে আবাসন কক্ষ ও মালামাল পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০-২৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments