Image description

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, “বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন পরিকল্পনা সাজানো হয়েছে দেশের সাধারণ মানুষের সামগ্রিক কল্যানকে সামনে রেখে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং বর্তমান মেয়াদের মধ্যেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এম. এ. রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ওই এলাকার সুবিধাভোগীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের প্রত্যন্ত অঞ্চলে এই সেবা পৌঁছে দেওয়া প্রমাণ করে যে, সরকার জনস্বার্থ রক্ষায় কতটা প্রতিশ্রুতিবদ্ধ।”

নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ডগুলো গৃহিণীদের নামে ইস্যু করা হচ্ছে এবং আর্থিক সহায়তা সরাসরি তাদের বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। এতে নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়বে এবং পারিবারিক ভিত্তি আরও মজবুত হবে। কারণ একটি সংসারের প্রয়োজনীয় খরচ সম্পর্কে নারীরাই সবচেয়ে ভালো জানেন।”

কৃষি খাতে উন্নয়নের ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “সারা দেশে কৃষির উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে সেচ ও পানিনিষ্কাশন সমস্যার কারণে কৃষিকাজ ব্যাহত হয়। এই সমস্যার সমাধান করা গেলে হাওরাঞ্চলে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির চৌধুরী, সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম কায়সার আহমদ।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. শহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর