Image description

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও ভগ্নিপতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর-শ্রীনদী সড়কের নবার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের পান্নু খাঁর ছেলে নাজমুল খাঁ (১৭) এবং নেত্রকোনা জেলার রফিকুল ভূঁইয়ার ছেলে সাইমুন ভূঁইয়া (৩৫)। সম্পর্কে তারা পরস্পর শ্যালক ও ভগ্নিপতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলটি কালির বাজার থেকে সোনাপাড়া গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সাইমুন ভূঁইয়া নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাজমুল খাঁকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীনদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকের চালক সূর্য মিয়াকে আটক করেছে এবং ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নিয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর