গত ২৪ ঘণ্টায় ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু জব্দ করেছে বিজিবি
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জিরা ও ১০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব সফল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতরে বালুর নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত এই জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।

একই দিন দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্তবর্তী জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় জব্দকৃত এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। অবৈধভাবে আনা এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, "সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় এবং অবৈধ পথে পণ্য আসা বন্ধ করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।" তিনি সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালান রোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments