নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা নির্মাণের জন্য বরাদ্দকৃত সরকারি জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এক যুবদল নেতা ও এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি দখল করতে গিয়ে বাধা দেওয়ায় স্থানীয় এক বাসিন্দাকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- রূপগঞ্জ ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা হরি আনন্দ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণবাগ এলাকায় বেশ কিছু সরকারি জমি রয়েছে। ওই জমিতে এতিম ও দুস্থ শিশুদের জন্য একটি মাদ্রাসা নির্মাণের লক্ষ্যে স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে জমিটি রক্ষণাবেক্ষণের বরাদ্দ পান। শুক্রবার সকালে যুবদল নেতা মজিবুর ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দ ওই জমিতে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালান। রাশেদুল ইসলামসহ স্থানীয়রা এতে বাধা দিলে হরি আনন্দ তাঁদের গালিগালাজ ও হুমকি দেন।
ভুক্তভোগী রাশেদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘মাদ্রাসার জন্য বরাদ্দ আনা জমিতে তারা ঘর তুলে দখল করতে চাচ্ছে। বাধা দিলে যুবদল নেতা মজিবুর আমাকে হত্যার পর লাশ গুম করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় আমিন (ভূমি জরিপকারী) জানান, নকশা অনুযায়ী জমিটি খাস বা সরকারি জমি হিসেবে চিহ্নিত।
তবে অভিযুক্ত যুবদল নেতা মজিবুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, যে জমিতে ঘর তোলা হচ্ছে সেটি সরকারি জমি নয়।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমি দখলের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments