টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সাজেদুল মোল্লা (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার অপর দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল মোল্লা উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। আহতরা হলেন একই গ্রামের বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ (১৮)। তারা বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজেদুল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। সিঙ্গিপাড়া পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত যানটি সরিয়ে নেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments