Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬), মো. হযরত (৪০) ও ওয়াসিম (৪০) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রিজের নিচে ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার তিন কর্মচারী পিকআপযোগে গজারিয়া এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিতে করে আসা ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত পিকআপের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং গামছায় মোড়ানো ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় আমিন গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁও থানার ওসি মহিবুল্লাহ জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।