মুরাদনগরে ১৪ মামলার আসামি ডাকাত আইনুল গ্রেপ্তার, পুলিশের ২ এসআই আহত
কুমিল্লার মুরাদনগরে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের কুখ্যাত সদস্য আইনুল হককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে দুই উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
গ্রেপ্তারকৃত আইনুল হক ওরফে আইনুল সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী, এসআই আব্দুল্লাহ আল মাসুদ এবং এসআই রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম সুবিলারচর গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনুল পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তার হামলায় এসআই আব্বাস কবির চৌধুরী ও এসআই রুহুল আমিন আহত হন। পরে পুলিশ তাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এদিকে, আইনুলকে গ্রেপ্তারের খবর পেয়ে তার বড় ভাই ও আন্তঃজেলা ডাকাত দলের আরেক সদস্য নুর ইসলাম ওরফে নুরুল (৪৬) কৌশলে পালিয়ে যান। নুরুলের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে কুখ্যাত এই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ আগের ১৪টি মামলা রয়েছে। সাম্প্রতিক একটি ডাকাতির ঘটনায় সম্পৃক্ততা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় নতুন মামলা দায়ের করে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments