কলাপাড়ায় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ‘অনৈতিক ভিডিও’ ফাঁস
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের একটি ‘অনৈতিক ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ভিডিওটি ফাঁস হওয়ার পর উপজেলার সর্বত্র তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদত্যাগ দাবি করেছেন।
এদিকে, এই ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করে সংবাদিকদের জানিয়েছেন, তাকে সামাজিকভাবে হেয় করার জন্য শত্রুরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছে। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
অনুসন্ধানে জানা গেছে, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদের নির্দেশে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী এক তদন্ত পরিচালনা করেন। গত ৪ জানুয়ারি দাখিলকৃত সেই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রবিধানমালা-২০২৪ লঙ্ঘন করে প্রধান শিক্ষক বিদ্যালয়ের কোনো আয় তফসিলি ব্যাংকে জমা করেননি। এছাড়া বিদ্যালয়ের সকল ব্যয় অ্যাকাউন্টপেয়ি চেকের মাধ্যমে পরিশোধ করার বিধান থাকলেও তিনি তা মানেননি। খরচের ভাউচারগুলোতে সভাপতির সই ছাড়াই তিনি একক সিদ্ধান্তে অর্থ অনুমোদন করেছেন, যা বিদ্যালয়ের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. কাউসার হামিদ জানান, “প্রধান শিক্ষকের অনৈতিক ভিডিওর বিষয়টি আমি দেখেছি। এটি অত্যন্ত উদ্বেগজনক। ইতোমধ্যে বিষয়টি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দুই দফা ফোনে জানানো হয়েছে। এছাড়া দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা বোর্ডকে লিখিতভাবেও অবহিত করা হয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments