Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদে দেলোয়ার (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার ওই গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে দক্ষিণপাড়া এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত দেলোয়ারের স্বজন ও স্থানীয়রা জানান, তিনি এলাকায় অনেকটা ভবঘুরে প্রকৃতির জীবন যাপন করতেন। পুকুরে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আপাতদৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে ছিলেন।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর