Image description

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মোল্লারহাট সংলগ্ন সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনার উত্তর পাশে একটি ইটভাটার কাছে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত সিন্ডিকেটের সহযোগী মনির হোসেন পেদা ও এনামুল শিকদারকে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত ড্রেজারটি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভূতেরদিয়া এলাকায় বালু মহালের ইজারা বাতিল থাকলেও দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদ প্যাদা। সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন। তবে তিনি আটক থাকলেও তার সিন্ডিকেটের অন্য সদস্যরা বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভয়াবহ ভাঙনে বহু মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ও জনপদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা বলেন, “নদী রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মানবকণ্ঠ/ডিআর