পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, "জাতীয় সংসদ হবে দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও প্রমাণ করেছে যে তারা যা বলে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা বা ‘জুলাই সনদ’ এই বিএনপির হাত ধরেই বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে।"
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ওই এলাকায় ৮ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করে শামা ওবায়েদ বলেন, "আমি জুলাইয়ের বীর যোদ্ধাদের স্যালুট জানাই। যারা আমাদের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বর্তমান সরকার কোনো বিশেষ গোষ্ঠীর নয়; এটি হবে ১৮ কোটি মানুষের সরকার। এখানে নারী-পুরুষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।" তিনি এ সময় দলের সেইসব ত্যাগী নেতা-কর্মীদেরও স্মরণ করেন যারা দীর্ঘ দুঃশাসনে গুম ও খুনের শিকার হয়েছেন।
সরকারের জনকল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "ইতোমধ্যে দেশের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতসহ সব ধর্মগুরুর জন্য বিশেষ ভাতা চালু করা হয়েছে। খুব দ্রুতই প্রতিটি ইউনিয়নে এটি কার্যকর হবে। এছাড়া সাধারণ মানুষের কষ্ট লাঘবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমও পুরোদমে শুরু হয়েছে।"
সভা শেষে শামা ওবায়েদ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা দূর হবে বলে আশা করা হচ্ছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার নজরুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদারেস আলী ইছা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম এবং শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আবু-জাহের।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments