Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মো. সৈকত (২৩)। কিন্তু সেই আনন্দযাত্রাই তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়াল। পথে পটুয়াখালীর বাকেরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের চালক আলাউদ্দিন (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বরিশালের কাউনিয়া থানার লাকুটিয়া এলাকার মৌজে আলীর ছেলে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর একজন কর্মকর্তা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রুহিতারপাড় এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে দুই চালকই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের গ্রামের বাড়ি বাউফলে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর