Image description

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, "নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতেই আমাদের দল ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।"

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়ি কৃষ্ণপুর গ্রামে ভুবনেশ্বর নদের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বাবুল বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এ দেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল। তাঁর দূরদর্শী নীতির ফলে দেশ একসময় দুর্ভিক্ষ থেকে মুক্তি পেয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে খাল খনন, বৃক্ষরোপণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতোমধ্যে ৪০ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ভুবনেশ্বর নদের নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উন্নয়ন কর্মকাণ্ড সফল করতে তিনি স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সদরপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর