Image description

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নের রাবনাবাদ সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে পটুয়াখালীর দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যাত্রার সূচনা হলো।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের (জেড-৮৮০৬) ৭০তম কিলোমিটারে এই সেতুর ফলক উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান এলাকাবাসীর পক্ষ থেকে গাজীপুর নদীর ওপর ৭০-১০০ মিটার দীর্ঘ আরও একটি সেতু নির্মাণের দাবি জানান। তিনি উল্লেখ করেন, ওই সেতুটি নির্মিত হলে গলাচিপার সঙ্গে বরগুনার আমতলী ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, "নদীবহুল দক্ষিণাঞ্চলের উন্নয়ন আমাদের অগ্রাধিকার। রাবনাবাদ সেতু এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেবে। জনস্বার্থে নতুন আরও যে সেতুর দাবি উঠেছে, তা সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর সুপারিশ পেলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।"

প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, এই সেতু সংলগ্ন সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া তিনি বদনাতলী-চরকাজল এবং বোয়ালিয়া-কোড়ালিয়া (রাঙ্গাবালী) নৌপথে জনগণের দুর্ভোগ লাঘবে খুব শিগগিরই সি-ট্রাক চালুর আশ্বাস দেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়দের প্রত্যাশা, রাবনাবাদ সেতুটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদের বাজারজাতকরণ সহজ হবে এবং পর্যটন শিল্পে নতুন প্রাণচাঞ্চল্য ফিরবে।

মানবকণ্ঠ/ডিআর